1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

জার্মানিকে হারিয়ে শেষ মুহূর্তে নকআউটে ইকুয়েডর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ মুহূর্তে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

প্রথম দুই ম্যাচে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামে ইকুয়েডর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই দেখিয়েছে অসাধারণ লড়াইয়ের মানসিকতা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় গ্রুপসেরা জার্মানি। দ্বিতীয় মিনিটে লেরয় সানের শট জালে জড়ালেও গোলের আগে আলেকসান্দার পাভলোভিচের বুট ইকুয়েডরের পেদ্রো ভিতের মুখে লাগে। তবুও রেফারি কিংবা ভিএআর কেউ ফাউলের সিদ্ধান্ত না দেওয়ায় গোলটি বহাল থাকে। এতে ম্যাচে তৈরি হয় বিতর্ক।

তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি ইকুয়েডর। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটি প্রথমার্ধেই সমতায় ফেরে। নিলসন অ্যাঙ্গুলো দূরপাল্লার দুর্দান্ত শটে জার্মান গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন ১-১ করেন।

দ্বিতীয়ার্ধে আবারও নাটকীয়তা। ভিএআরের সহায়তায় জার্মানির পক্ষে দেওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, পেনাল্টির আগেই সানের ফাউল হয়েছিল।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইকুয়েডর। একের পর এক সুযোগ তৈরি করলেও এননার ভ্যালেন্সিয়া ও মোইসেস কাইসেদো গোলের দেখা পাচ্ছিলেন না।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের শেষ দিকে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। পেদ্রো ভিতের কর্নার থেকে রদ্রিগেজের হেড গনজালো প্লাতার কাছে পৌঁছালে তিনি কাছ থেকে জালে বল পাঠিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই জয়ে চার পয়েন্ট নিয়ে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে ইকুয়েডর। শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো দল। মাঠজুড়ে শুরু হয় উদযাপন।

অন্যদিকে হারলেও গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে উঠেছে জার্মানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost