চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৫৭টি প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশের পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যে একটি কেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল।
এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
তবে এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, ফলাফল এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ, শিক্ষক সংকট, পাঠদানের মান এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে কার্যকর পর্যালোচনার প্রয়োজনীয়তার কথাও সামনে আসছে।
তবে কোন কোন প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের নাম এবং কেন তাদের ফলাফল এমন হয়েছে—এ বিষয়ে দেওয়া তথ্যের মধ্যে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।
Leave a Reply