যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান
অনলাইন ডেস্ক
আপডেট টাইম :
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
৭
বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদেরই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা সেই সুযোগ নেবে। তাই দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় উপস্থিত বিএনপি নেতারা জানান, তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো চলছে। ফ্যাসিবাদী শক্তিও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যেই সম্পন্ন করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এই বিচার নিয়ে মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি পরিবারকে একটি ঘরের বাসিন্দার সঙ্গে তুলনা করে তারেক রহমান বলেন, কোনো কারণে যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে ঘরটি শক্তভাবে ধরে রাখতে হবে।
এ সময় তিনি বিএনপির কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের বিষয়গুলোও জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
Leave a Reply