দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি।
রোববার সকালে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে বাবার সৎকার অনুষ্ঠানে অংশ নেন মেসি। ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। গত শনিবার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মেসি স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে একটি প্রাইভেট বিমানে রোজারিও পৌঁছান। পরে মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে সৎকার অনুষ্ঠানে যোগ দেন তিনি।
পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে দুপুর থেকে ‘এল প্রাডো’ কবরস্থানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তবে মেসির প্রতি সমর্থন জানাতে কিছু ভক্ত বিমানবন্দর ও কবরস্থানে ব্যানার নিয়ে হাজির হন। সেখানে লেখা ছিল—‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি।’
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও শোকবার্তা ও ফুলের তোড়া পাঠানো হয়। হোর্হে মেসির স্মরণে আর্জেন্টিনার পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন এবং খেলোয়াড়, কোচ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়।
মেসির শৈশবের ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হে মেসিকে স্মরণ করেছে। ক্লাবটি জানায়, ছোট্ট লিওনেলের শুরুর দিনগুলোতে তার পাশে ছিলেন হোর্হে, যিনি একসময় ক্লাবটির কোচও ছিলেন।
দীর্ঘদিনের অসুস্থতাজনিত জটিলতায় রোজারিওর সানাতোরিও সেন্ট্রোতে ভর্তি থাকার পর শনিবার ভোরে মারা যান হোর্হে মেসি।
Leave a Reply