ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দল আইভরি কোস্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি।
শেষ ম্যাচে নকআউট নিশ্চিত করতে আইভরি কোস্টের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। ড্র করলেই চলত। তবে কোনো হিসাব-নিকাশে না গিয়ে জয় দিয়েই নিজেদের ইতিহাস রাঙিয়েছে দলটি।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আইভরি কোস্ট। এর ফলও পেয়ে যায় খুব দ্রুত।
ম্যাচের সপ্তম মিনিটে কুরাসাওয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন নিকোলাস পেপে। বক্সের ভেতরে ডিফেন্ডারদের ব্যর্থ ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন তিনি।
এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আইভরি কোস্ট।
দ্বিতীয়ার্ধেও ছিল তাদের আধিপত্য। কুরাসাও সমতায় ফেরার চেষ্টা করলেও দৃঢ় রক্ষণে সেই সুযোগ দেয়নি আইভরি কোস্ট।
৬৪তম মিনিটে ইব্রাহিম সানগারের দারুণ পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন নিকোলাস পেপে। তার জোড়া গোলেই নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়।
এই জয়ে জার্মানির সমান ৬ পয়েন্ট সংগ্রহ করে আইভরি কোস্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হিসেবেই শেষ ৩২ নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।
এটি আইভরি কোস্টের জন্য এক ঐতিহাসিক অর্জন। ২০০৬, ২০১০ ও ২০১৪—টানা তিনটি বিশ্বকাপে অংশ নিয়েও তারা কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। অবশেষে ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দলটি।
অন্যদিকে একই গ্রুপ থেকে জার্মানিকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে ইকুয়েডর।
Leave a Reply