1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শেষ বত্রিশে ব্রাজিল-জাপান মহারণ, মরক্কোর মুখোমুখি নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

ফিফা বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের লড়াই শেষ। শেষ ম্যাচের পর নিশ্চিত হয়েছে নকআউট পর্বের দুই গুরুত্বপূর্ণ লড়াই। গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশে উঠেছে নেদারল্যান্ডস। আর রানার্সআপ জাপানের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ডালাসে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর ম্যাচে আসে দুই গোল।

৫৬তম মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ছয় মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।

বাকি সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ফলাফলে এক জয় ও দুই ড্রয়ে মোট ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে জাপান। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল।

অন্যদিকে কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে নেদারল্যান্ডস।

ম্যাচের তৃতীয় মিনিটেই এলিয়েস স্খিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। চার মিনিট পর, সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে কর্নার থেকে হেডে একটি গোল শোধ করেন তিউনিসিয়ার হাজেম মাস্তৌরি। তবে ৬২তম মিনিটে তিজানি রেইন্ডার্সের পাস থেকে ইয়ান পল হেকার গোল করে নেদারল্যান্ডসের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ বত্রিশে উঠেছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মরক্কো।

অন্যদিকে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেই বিশ্বকাপ মিশন শেষ হয়েছে সুইডেনের।

এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা নকআউট পর্বের। যেখানে ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ দুটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost