1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

অবশেষে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

বিশ্বকাপের অন্যতম আবেগঘন গল্পের নতুন অধ্যায়। কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহা, যিনি স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন, এবার পেলেন আরও বড় সুখবর।

অর্থ ও ভিসা জটিলতার কারণে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যেতে না পারার আক্ষেপ করেছিলেন ভোজিনহা। তবে সেই বাধা এখন কাটিয়ে উঠেছেন তার মা আনা কান্দিদা এভোরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। ম্যাচে সাতটি অসাধারণ সেভ করে তিনি ম্যাচসেরার পুরস্কারও জেতেন।

কিন্তু ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আবেগঘন এক বক্তব্যে ভোজিনহা জানান, তার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি সরাসরি দেখতে পারেননি তার মা। কারণ ভিসা ও আর্থিক জটিলতায় তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেননি।

ভোজিনহার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কর্মকর্তারা জানান, প্রাইয়ায় অবস্থিত মার্কিন ভিসা টিম ভোজিনহার মায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।

সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমোদনও দেওয়া হয়েছে তাকে।

ফলে আগামী সোমবার মায়ামিতে অনুষ্ঠিত কেপ ভার্দে ও উরুগুয়ের মধ্যকার ম্যাচে গ্যালারিতে বসেই ছেলের খেলা দেখতে পারবেন আনা কান্দিদা এভোরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই তার ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে কেপ ভার্দেসহ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বড় অঙ্কের বন্ড জমা দেওয়ার শর্ত ছিল। পরে বিশ্বকাপের টিকিটধারীদের জন্য সেই শর্ত শিথিল করা হয়।

তবুও উচ্চ ভ্রমণ ব্যয়ের কারণে শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে বাধ্য হয়েছিলেন ভোজিনহার মা।

অবশেষে সব বাধা পেরিয়ে মা-ছেলের এই আবেগঘন মিলনের অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost