গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় মানুষের পুনর্বাসনে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে প্রথম ধাপে ৫০ জন চিহ্নিত ভিক্ষুকের মাঝে উন্নত জাতের বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের পরিকল্পনায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জানা গেছে, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৭৫ জন চিহ্নিত ভিক্ষুককে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে। প্রথম ধাপে ৫০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা মূল্যের উন্নত জাতের একটি করে বকনা বাছুর দেওয়া হয়েছে। এ ধাপে মোট ২৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
উপকারভোগীরা জানান, দীর্ঘদিনের ভিক্ষাবৃত্তির জীবন থেকে বেরিয়ে সম্মানজনকভাবে জীবিকা অর্জনের সুযোগ পেয়ে তারা আশাবাদী। গবাদিপশু পালন করে নিজেদের এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর স্বপ্ন দেখছেন তারা।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসনের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষকে আত্মনির্ভরশীল করে তোলাই মূল লক্ষ্য। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বাকি ১২৫ জনকেও একই ধরনের সহায়তার আওতায় আনা হবে।
Leave a Reply