পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ডোপ টেস্ট করিয়ে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার বাগেরহাট সফরকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অন্যান্য সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পুলিশ বাহিনীর অভ্যন্তরে কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানান ডিআইজি। তিনি বলেন, “পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেই সবার আগে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডোপ টেস্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে একই দিনে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি। “সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সেখানে ২০০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ডিআইজি আশা প্রকাশ করেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা বাগেরহাটসহ পুরো অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে, পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা জনমনে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply