ইউরোপে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ এবং তিনজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগে এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতার ব্যক্তি আই এ মারুফ আহমদ। বৃহস্পতিবার রাতে সিলেট নগরের আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, কোম্পানীগঞ্জের এক ব্যক্তি তার ছেলে ও আত্মীয়কে সার্বিয়ায় পাঠানোর জন্য একটি ট্রাভেলস এজেন্সির সঙ্গে ১৮ লাখ টাকায় চুক্তি করেন। পরে পুরো টাকা পরিশোধের পর তাদের হাতে ভিসা তুলে দেওয়া হয়। পরবর্তীতে সার্বিয়াগামী ফ্লাইটে পাঠানোর কথা বলে তিনজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে অভিযুক্তরা সটকে পড়েন।
পরে ফোন করে জানানো হয়, ফ্লাইটের সময় পরিবর্তন হয়েছে এবং তাদের সিলেটে ফিরে যেতে বলা হয়। সন্দেহ হলে অন্য একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ভিসা যাচাই করে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের দেওয়া ভিসাগুলো সম্পূর্ণ ভুয়া। টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আই এ মারুফ আহমদকে গ্রেফতার করে। র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply