সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয়। বরং এটি সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি হুমকি মোকাবিলায় সহযোগিতার অংশ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ একদিকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে, অন্যদিকে ইরানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। তাই এই জোটকে ইরানবিরোধী পদক্ষেপ হিসেবে দেখার কোনো সুযোগ নেই।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু হজ, ওমরাহ বা ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে একটি শক্তিশালী কৌশলগত সম্পর্ক গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, ইসলাম ধর্মের পবিত্র দুই মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ আত্মিক ও নৈতিক সম্পর্ক রয়েছে। তাই দেশটির নিরাপত্তার প্রয়োজনে সহযোগিতার আহ্বান এলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ইতিবাচকভাবে সাড়া দেবে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, মার্কিন প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফর ছিল পরিচিতিমূলক ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ। সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যুক্তরাষ্ট্র, চীনসহ সব উন্নয়ন অংশীদারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিনিয়োগ আকৃষ্ট করতে চায়।
Leave a Reply