দুবাইয়ে অবস্থানরত পুলিশের সাবেক মহাপরিদর্শক, আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে সরকার ইতোমধ্যে একটি আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্ম নিয়োগ করেছে। তাদেরকে বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রসচিব সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন। পাশাপাশি ইউএই কর্তৃপক্ষের কাছ থেকে আদালতের জামিন আদেশের প্রত্যয়নিত কপিও সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে জামিনের সব শর্ত পর্যালোচনা করে তা বাতিলের জন্য আইনগতভাবে এগোনো হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার জামিন বাতিল করতে সক্ষম হবে এবং দ্রুত সময়ের মধ্যে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এ সময় সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সভায় রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply