শরীয়তপুরের জাজিরা উপজেলার রসের মোড় এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক ফরাজি, রাজিব ফরাজি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী রাজা মিয়া ওরফে কুদ্দুস ফরাজি। বৃহস্পতিবার রাতে উপজেলার মুলনা ইউনিয়নের রসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাওনা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে রাজা মিয়া ওরফে কুদ্দুস ফরাজির সঙ্গে তার ভাতিজা মানিক ফরাজি ও রাজিব ফরাজির বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয় মুরব্বিরা মীমাংসা করে দিলেও তা মেনে নেয়নি অভিযুক্তরা বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজা মিয়ার বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মানিক, রাজিব ও তাদের সহযোগীরা। এ সময় তারা বসতঘরে কুপিয়ে ভাঙচুর করে এবং রাজা মিয়া ও তার দুই ছোট সন্তানকে হত্যার হুমকি দেয়। ঘটনার সময় রাজা মিয়া বাড়িতে না থাকলেও তার বৃদ্ধ মা ও দুই সন্তান বাড়িতে ছিলেন। খবর পেয়ে তিনি জাজিরা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী রাজা মিয়া ওরফে কুদ্দুস ফরাজি বলেন, আমি বাড়িতে ছিলাম না। আমার বৃদ্ধ মা ও ছোট দুই সন্তান বাড়িতে ছিল। টাকা সংক্রান্ত বিরোধের জেরে ফাঁকা বাড়িতে ঢুকে মানিক ও রাজিবরা আমার বসতঘর কুপিয়ে ভাঙচুর করেছে। এতে আমার বৃদ্ধ মা ও সন্তানরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের হাসপাতালে নিতে হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মানিক ফরাজি মুঠোফোনে দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পরে তিনি গণমাধ্যমকর্মীদের বাড়িতে ডেকে নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। তবে মানিক ফরাজি ও রাজিব ফরাজি—দুজনই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply