সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকার এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য ইতোমধ্যে দুই দেশের মধ্যে আদান-প্রদান হয়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সেই তথ্য সরবরাহ করেছে এবং পুরো প্রক্রিয়া এখন এগিয়ে চলছে।
শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই অভিযুক্ত বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী বিষয়টি পরিচালনা করছে। বাংলাদেশ সরকারও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজন অনুযায়ী দুই দেশের আলোচনার ভিত্তিতে পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আইনি ও কূটনৈতিক উভয় পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Leave a Reply