দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব।
তিনি বলেন, বর্তমানে যে ভোটার তালিকা রয়েছে, সেটি দিয়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে পারে।
ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি রয়েছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
ইসি সচিব জানান, বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
অন্যদিকে নির্বাচনী আইন সংশোধনের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সংশোধনের কাজ শেষ হলে প্রয়োজনীয় নথি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
Leave a Reply