প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। বাংলাদেশের পরে স্বাধীন হওয়া অনেক দেশ তাদের জনগণের জীবনমান উন্নত করার পাশাপাশি অর্থনীতিকে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে। এখন সময় দেশ গড়ার এবং জনগণের জন্য কাজ করার।
রোববার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের জন্য কাজ করছে।
এর আগে কক্সবাজারের মাতারবাড়ী থেকে বাঁশখালীতে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারিভাবে নির্মিত ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টার দিকে সমাবেশস্থলে পৌঁছে তিনি বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। কৃষকদের জন্য করা হয়েছে কৃষক কার্ড। বাঁশখালীর লবণ চাষিদেরও শিগগিরই এই কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান তিনি।
বাঁশখালীর সমুদ্র উপকূলকে অর্থনৈতিক উন্নয়নের বড় সম্ভাবনা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চীন সরকার এখানে বিনিয়োগ করবে। মিরসরাই থেকে পুরো সমুদ্র উপকূল তিনি হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছেন বলেও জানান।
তিনি বলেন, এই সমুদ্র বাংলাদেশের সম্পদ। এখানে শত শত শিল্প-কারখানা গড়ে তোলা হবে। এসব শিল্প-কারখানায় চট্টগ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সমাবেশে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন।
পরে প্রধানমন্ত্রী বাঁশখালী থেকে ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। এরপর হাটহাজারী ও চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
Leave a Reply