জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ইউট্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান কোনো নিউটনের আপেল নয় যে হঠাৎ করে গাছ থেকে পড়ে গেছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এটি পরিণত হয়েছে।
তিনি বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা নেই—এমনটা মনে করা রাজনৈতিক অপরিপক্বতার পরিচয়। দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
নতুন রাজনৈতিক শক্তির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বন্দোবস্ত ও নতুন রাজনীতির কথা বলা হলেও অনেক ক্ষেত্রে পুরোনো ধারার রাজনীতিই চর্চা করা হচ্ছে। রাজনীতির মাঠ কঠিন ও কণ্টকাকীর্ণ—এ পথ সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কেউ ছিনিয়ে নিয়ে সেটিকে ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করতে চাইলে সেই রাজনীতি সফল হবে না। বাংলাদেশে আর ‘চেতনা বিক্রির রাজনীতি’ চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যতে জাতীয় সংসদ ও রাজপথে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। তবে এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি তুলে ধরেন। এ সময় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম, শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন এবং শহীদ একরামুল হক সাজিদের মা নাজমা খাতুন লিপি বক্তব্য দেন।
Leave a Reply