সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং কার্যকর নীতিমালার মাধ্যমে একটি স্বাধীন, দায়িত্বশীল ও টেকসই গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এমন পরিবেশ নিশ্চিত করা গেলে গণমাধ্যমে বিনিয়োগ বাড়বে, সাংবাদিকদের বেতন-ভাতা, কর্মপরিবেশ এবং পেশাগত নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার বিশ্বাস করে, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তোলে।
তিনি বলেন, অতীতে গণমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ নিয়ে যে ধরনের উদ্বেগ ছিল, বর্তমান বাস্তবতায় সেই পরিস্থিতি নেই। সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে এবং একটি সুস্থ নীতিমালার মাধ্যমে সংবাদমাধ্যমের বিকাশ নিশ্চিত করতে চায়।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। তবে এই দায়িত্ব শুধু সরকারের নয়; গণমাধ্যমের মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সত্য তথ্য ও অপতথ্যের মধ্যে পার্থক্য তৈরি করা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই দায়িত্বশীল, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
তথ্যমন্ত্রী বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে, যাতে জনগণ নির্ভরযোগ্য তথ্য পায় এবং গণমাধ্যমের প্রতি আস্থা আরও বৃদ্ধি পায়।
সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকার, গণমাধ্যম মালিক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply