অদক্ষতা, দায়িত্বে অবহেলা এবং সরকারি দাপ্তরিক কাজে বাইরের লোকজনকে সম্পৃক্ত করার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেন।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, সরকারি দাপ্তরিক কাজ নিয়মবহির্ভূতভাবে বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষজনক জবাব দিতে পারেননি এবং প্রয়োজনীয় কাগজপত্র ও নামজারি-সংক্রান্ত সফটওয়্যারের তথ্যও প্রদর্শন করতে ব্যর্থ হন।
জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি ভূমি অফিসগুলো পরিদর্শন করেন। কাশিমপুর ভূমি অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রমে গুরুতর অনিয়ম ও দায়িত্ব পালনে অযোগ্যতার প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, একই দিনে সফিপুর ভূমি অফিসও পরিদর্শন করা হয়েছে। সেখানে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ম মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply