বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল ও পেওনিয়ারের মতো সেবা চালুর পথ উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আন্তসীমান্ত ডিজিটাল লেনদেন চালু করতে পারবে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন ব্যবস্থায় ব্যাংকের মাধ্যমে ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ)’ চালু করা হবে, যার মাধ্যমে গ্রাহকরা বৈদেশিক মুদ্রায় নিরাপদে লেনদেন করতে পারবেন।
এই সুবিধায় বিদেশ ভ্রমণ, অনলাইন কেনাকাটা, সদস্যপদ ফি, আইটি সেবা, ভিসা প্রসেসিং, হোটেল বুকিংসহ বিভিন্ন খাতে অর্থ পরিশোধ করা যাবে। এছাড়া রফতানিকারক, ফ্রিল্যান্সার ও ই-কমার্স উদ্যোক্তারা বিদেশ থেকে আয় আরও সহজে দেশে আনতে পারবেন।
বিদেশি পর্যটকরাও বাংলাদেশে অবস্থানকালে ডিজিটাল পেমেন্টের সুবিধা পাবেন। তবে সেবা চালুর আগে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে এবং অর্থপাচার প্রতিরোধ, কেওয়াইসি ও নিরাপত্তা সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
Leave a Reply