দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও স্বনির্ভর করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের গবেষণা ও উৎপাদনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে এসব চিকিৎসা সরঞ্জাম উদ্ভাবনকারী বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের প্রতিটি ধাপে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
সভায় জানানো হয়, পৃথক দুটি বিশেষজ্ঞ দল দেশীয় প্রযুক্তিতে একটি ভেন্টিলেটর এবং একটি হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় ক্লিনিক্যাল পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন হলে এসব যন্ত্র দেশের হাসপাতালগুলোতে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হবে।
বিশেষজ্ঞদের মতে, দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় এসব যন্ত্রের খরচ তুলনামূলক কম হবে। ভেন্টিলেটর গুরুতর শ্বাসতন্ত্রের রোগীদের জীবনরক্ষাকারী চিকিৎসায় ব্যবহৃত হবে। অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি বিদ্যুৎ ছাড়াও পরিচালনা করা সম্ভব, ফলে দুর্গম এলাকা কিংবা অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের সময়ও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ সফল হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে এবং দেশের স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, বুয়েটের প্রতিনিধিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply