হবিগঞ্জে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় পৌর এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়।
প্রশাসনের আশঙ্কা, উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। জনশৃঙ্খলা বজায় রাখতেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এই আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
Leave a Reply