হবিগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়া এনসিপির গাড়িবহরকে প্রথমে শ্রীমঙ্গলে এবং পরে হবিগঞ্জের বাহুবল উপজেলার মুছাই এলাকায় আটকে দেয় পুলিশ।
পুলিশের ব্যারিকেডের মুখে এনসিপির শীর্ষ নেতারা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। বৃষ্টির মধ্যেই তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ জানান, জেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় নিরাপত্তার স্বার্থেই এনসিপি নেতাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
এর আগে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্য এলাকায় ট্রাক দিয়ে সড়ক বন্ধ করে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
ঘটনাস্থলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা মিতুসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ বলেন, নিরাপত্তা দিতে না পারলে তারা নিজেদের দায়িত্বেই হবিগঞ্জে যাবেন। তিনি অভিযোগ করেন, ১৪৪ ধারার অজুহাতে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।
পরে এনসিপির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শ্রীমঙ্গল ছাড়লেও বাহুবলে গিয়ে আবারও থামিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে হামলার অভিযোগ ওঠে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনায় কয়েকজন আহত হন। এরপরই হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেই পরিস্থিতির মধ্যেই বুধবারের এই কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
Leave a Reply