1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

স্কটল্যান্ডের বিপক্ষে ফেভারিট ব্রাজিল, ফিরছেন নেইমার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বড় সুখবর পেয়েছে ব্রাজিল। দীর্ঘদিন পর মাঠে ফিরছেন দলের মহাতারকা নেইমার জুনিয়র। আর এই ম্যাচে ব্রাজিলকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার।

বৃহস্পতিবার মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। ম্যাচকে সামনে রেখে ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশন চালিয়ে অপটা জানিয়েছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ৬ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ১৮ দশমিক ২ শতাংশ এবং স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ২ শতাংশ।

প্রায় ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে তাদের দেখা হয়েছিল, যেখানে ২-১ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।

চলতি বিশ্বকাপে স্কটল্যান্ড শুরুতে হাইতিকে ১-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায়। তবে নকআউট পর্বে ওঠার আশা এখনও টিকে আছে তাদের। ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে স্কটিশরা।

অন্যদিকে ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এখন তাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ নিশ্চিত করা।

তবে ইতিহাস ব্রাজিলকে সতর্কও করছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে সেলেসাওদের সর্বশেষ তিনটি হারই এসেছে তৃতীয় ম্যাচে। যার মধ্যে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের পরাজয় এখনও ভক্তদের মনে তাজা।

সবচেয়ে বড় খবর, এই ম্যাচ দিয়েই জাতীয় দলে ফিরছেন নেইমার জুনিয়র। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি সান্তোস তারকা। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন পুরোপুরি ফিট এবং স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত।

নেইমারের প্রত্যাবর্তন, অপটার ভবিষ্যদ্বাণী এবং গ্রুপ শীর্ষে ওঠার লড়াই—সব মিলিয়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost