রাষ্ট্রের মৌলিক সংস্কারের দাবিকে সরকার অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন ভোট কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ রাষ্ট্রে একটি মৌলিক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু সংস্কার ও গণভোটে জনগণের দেওয়া মতামত বাস্তবায়নে সরকার আগ্রহ দেখায়নি। তার দাবি, প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও জবাবদিহিমূলক না করলে ভবিষ্যতেও স্বৈরতান্ত্রিক প্রবণতা ফিরে আসার আশঙ্কা থাকবে। এ কারণে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, বিরোধী দল হিসেবে তারা সংসদে এবং ১১-দলীয় ঐক্যের মাধ্যমে ধারাবাহিকভাবে গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয়, বরং জনগণের প্রত্যাশার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
সমাজে দুর্নীতি, অবিচার ও নৈতিক অবক্ষয়ের সমালোচনা করে তিনি বলেন, কেবল উচ্চশিক্ষা নয়, সুশিক্ষাই একটি উন্নত রাষ্ট্র গঠনের ভিত্তি। রাষ্ট্র পরিচালনায় সুশাসন নিশ্চিত না হওয়ায় মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান এবং সামাজিক শৃঙ্খলা আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও জনগণের অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি। জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে কার্যকর সংস্কার বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, শূরা অধিবেশনে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় সংস্কার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
Leave a Reply