নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে অনুষ্ঠিত এক পথসভা শেষে হুইপকে লক্ষ্য করে গুলির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
পুলিশ জানায়, পথসভা শেষ হওয়ার পর মঞ্চ থেকে নামার সময় এক যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে পরপর দুইবার গুলি করার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, উত্তরা গণভবনের পাশের পথসভা শেষে হুইপ দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা চালানো হয়। ঘটনাস্থল থেকেই অস্ত্রসহ সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির উদ্দেশ্য, পরিচয় এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রটি বৈধ নাকি অবৈধ এবং কীভাবে তিনি সভাস্থলে প্রবেশ করেছিলেন, সেটিও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply