1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

জীবিত বাবাকে শহীদ বলার ব্যাখ্যা দিলেন এমপি মুনতাকিম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আলোচনার মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেছিলেন, তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।

কিন্তু বক্তব্যের পরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। কারণ, সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের নির্বাচনি হলফনামা অনুযায়ী তার জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রায় ১০ বছর পর তিনি জন্মগ্রহণ করেন।

এ ছাড়া অনুসন্ধানে জানা যায়, তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম বর্তমানে জীবিত রয়েছেন এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ গ্রামে পরিবারের সঙ্গেই বসবাস করছেন।

এ তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

মোবাইল ফোনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং মাথায় প্রচণ্ড ব্যথা ছিল।

তার ভাষ্য অনুযায়ী, তিনি কী বলেছিলেন তা পুরোপুরি মনে নেই।

মুনতাকিম বলেন, তার বাবা জীবিত আছেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তার দাদা এবং চাচা। বক্তব্য দিতে গিয়ে তিনি ভুল করে বাবার প্রসঙ্গ উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, সংসদে যদি ভুল কিছু বলে থাকেন, তাহলে দেশের মানুষের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করছেন।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। তবে নিজের বক্তব্যের ভুল স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন এই সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost