নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। আদালত থেকে বেরিয়ে তিনি দাবি করেন, তিনি নির্দোষ হয়েও আজ আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। তার আইনজীবী জানান, আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই তিনি উপস্থিত হয়েছেন।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৩ জুন তিনি জামিনে মুক্তি পান।
মুক্তির ৫৫ দিন পর আদালতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে আইভী বলেন, তিনি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, জুলুম ও নির্যাতারের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ আজ তাকেই অপরাধীর আসনে দাঁড়াতে হচ্ছে। তবে শেষ পর্যন্ত ন্যায়বিচার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, আদালতে হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই আইভীর অনুসারী নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে আইভী আদালত ত্যাগ করে নিজ বাসার উদ্দেশে রওনা দেন।
Leave a Reply