জাতীয় সংসদে ৬৮ বিধির সাধারণ আলোচনা চলাকালে তৈরি হয়েছে এক আন্তরিক ও হাস্যরসাত্মক মুহূর্ত। প্রধানমন্ত্রীর সাদামাটা ও কম খরচের দুপুরের খাবারের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের খরচ মাত্র ১০০ থেকে ১৫০ টাকা—এ বিষয়টি তাকে উৎসাহিত করে। তিনি বলেন, এত কম টাকায় তিনিও দুপুরের খাবার খেতে পারেন না।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় তাকে খাওয়ার আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই বলেন, তাকে খাওয়ানো হবে।
জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপন প্রশংসনীয়। তার পোশাক-পরিচ্ছদ ও চলাফেরায়ও সাধারণ জীবনযাপনের ছাপ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে যারা প্রধানমন্ত্রীকে নিজেদের আইকন হিসেবে তুলে ধরেন, তাদেরও তার জীবনযাপন অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, শুধু আইকন বললেই হবে না, তাকে অনুসরণও করতে হবে।
শফিকুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রীও একজন মানুষ এবং ভুলের ঊর্ধ্বে নন। তাই তার সব সিদ্ধান্তে শুধু ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই।
এ সময় তিনি শিশুদের দাবির প্রসঙ্গ টেনে বলেন, শিশুদের ক্ষেত্রে তাদের দাবিতে ‘হ্যাঁ’ বলা যেতে পারে।
সংসদের আলোচনায় রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের প্রসঙ্গ ঘিরে এই হালকা মুহূর্তটি উপস্থিত সংসদ সদস্যদের মধ্যেও আগ্রহ তৈরি করে।
Leave a Reply