দেশ গঠনে দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের একজন ‘সাচ্চা কর্মী’ হিসেবে প্রমাণ করতে পারবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের চারটি বিশেষ আহ্বানের মধ্যে রয়েছে—বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকা।
তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয়ভাবে খাল ও জলাশয় পুনঃখননের উদ্যোগ নেওয়ার কথাও বলেন। এতে পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। নিজ নিজ এলাকার রাস্তাঘাট, বাজার ও জনসাধারণের ব্যবহৃত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সামাজিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দলের ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের আস্থা অর্জন করাই রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই দলের কোনো নেতাকর্মীর কর্মকাণ্ডে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিকেল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি পালন করছে দলটি। এর অংশ হিসেবে আয়োজন করা হয় এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশ গঠন ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে নেতাকর্মীদের সামাজিক ও জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
Leave a Reply