জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের ঋণ কোনোভাবেই শোধ করার মতো নয়। তারা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন। তাই শুধু তাদের স্মরণ করলেই হবে না, যারা বেঁচে আছেন তাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।
বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতির জন্য কাজ করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রাণ-প্রকৃতির সুরক্ষায় কাজ করতে এবং অন্যদেরও দেশের কল্যাণে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply