হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
উপজেলা জামায়াত জানিয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, ৫ আগস্ট দিবাগত রাতে উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলাম সাজলকে দেখতে পান স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে আটক করেন।
পরে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া এবং অভিযুক্তের বড় ভাই কাজল মিয়া স্থানীয়ভাবে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান বলে জানা গেছে।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী দাবি করেন, তিনি নিজেই তার স্ত্রী ও নুরুল ইসলাম সাজলকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবেশীদের ডাক দেন। এরপর স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করলেও পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত নুরুল ইসলাম সাজলের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply