লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বীর শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে কমলনগর উপজেলার একমাত্র শহীদ আজগর হোসেন মাসরুরের পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় শহীদের স্ত্রী সালেহা বেগম, দুই বছর বয়সী শিশুপুত্র আয়ান এবং বড় ভাই আলী আকবর উপস্থিত ছিলেন। শহীদ মাসরুরের আত্মত্যাগের স্মৃতিচারণকালে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি সার্জেন্ট (অব.) সোলাইমান, আহত জুলাই যোদ্ধা মাহবুবুর রহমান আক্তার এবং আবদুল আহাদ ফারাবী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি-কমলনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ডা. সামছুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply