বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা ছড়িয়ে পড়েছে শুধু ফুটবল অঙ্গনেই নয়, কূটনৈতিক মহলেও। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই শুভকামনা জানান। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দেন।
জবাবে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।”
রোববার যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বিশ্লেষকদের মতে, এবারের ফাইনাল শুধু ফুটবলের লড়াই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির দৃষ্টিকোণ থেকেও প্রতীকী গুরুত্ব বহন করছে। কারণ, ইসরাইল–ফিলিস্তিন ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার বর্তমান সরকারের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ফাইনালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। লিওনেল মেসিকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনামূলক মন্তব্য ও ষড়যন্ত্রমূলক পোস্টও ছড়িয়ে পড়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে মাঠের লড়াইয়ে সব আলো এখন মেসিদের আর্জেন্টিনা এবং তরুণ তারকা লামিন ইয়ামালের স্পেনের দিকে। কোটি কোটি ফুটবলপ্রেমী অপেক্ষা করছেন—কে জিতবে ২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি।
Leave a Reply