ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর এবার স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া।
দেশটির সংবাদমাধ্যম নিউজ ডটকম এইউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জরিমানা করতে পারে আইসিসি।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে দিনে মোট ৯০ ওভার শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডারউইন টেস্টের তৃতীয় দিনে নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া।
নিয়ম অনুযায়ী, প্রতি ঘাটতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রতি টেস্টে প্রায় ২০ হাজার ডলার ম্যাচ ফি ধরলে, চার ওভারের জন্য একাদশের প্রত্যেকের জরিমানা হতে পারে সর্বোচ্চ ৪ হাজার ডলার। পুরো একাদশের হিসাবে জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪৪ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকার বেশি।
তবে শাস্তি শুধু জরিমানাতেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও হারাতে পারে অস্ট্রেলিয়া। চার ওভার ঘাটতির কারণে তাদের চার পয়েন্ট কাটা যাওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া শীর্ষে থাকলেও বাংলাদেশের বিপক্ষে এই হারের পর তাদের জন্য স্লো ওভার রেটের শাস্তি নতুন চাপ তৈরি করতে পারে।
Leave a Reply