রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ গোয়ালটেক এলাকায় নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে চারটি ভবনের নকশাবহির্ভূত ও অতিরিক্ত নির্মিত অংশ শ্রমিক ও ভাঙার যন্ত্রপাতির সহায়তায় অপসারণ করা হয়। একই সঙ্গে দুটি ভবনের বিদ্যুৎ সংযোগের ডেসকোর মিটারও খুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনগুলোর বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ হচ্ছে কি না, তা যাচাই করেন।
অভিযানকালে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা বাড়তি অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভবন মালিকদের অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট আইন মেনে নির্মাণকাজ করার বিষয়ে সতর্ক করা হয়।
রাজউক কর্মকর্তারা জানান, অনুমোদিত নকশার বাইরে কোনো ভবনে অতিরিক্ত নির্মাণ করা হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে নকশাবহির্ভূত নির্মাণ বন্ধে রাজউকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply