চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি, প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে একটি পিক-আপের সামনে গিয়ে পড়ে। এতে সিএনজি চালকসহ চারজন সড়কে ছিটকে পড়ে আহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সিএনজি যাত্রী, কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মোহর আলী, বয়স ৬০ বছর। পরে আহত সিএনজি চালক কবির মালকে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply