বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেন। এই মহারণের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় পর্যায়েও।
স্পেনের রাজপ্রাসাদ নিশ্চিত করেছে, ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া। জাতীয় দলকে সরাসরি সমর্থন জানাতে তারা মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
এটি অবশ্য নতুন কিছু নয়। এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের জাতীয় দলের পাশে দেখা গেছে রাজপরিবারকে। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষের ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন রাজা ফিলিপ।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। শক্তিশালী রক্ষণভাগ ও নিয়ন্ত্রিত ফুটবল খেলেই তারা জায়গা করে নিয়েছে ফাইনালে।
শুধু তাই নয়, ছয়টি ক্লিন শিট রেখে বিশ্বকাপের ইতিহাসেও নতুন কীর্তি গড়েছে স্পেন। পাশাপাশি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন তাদের হাতছানি দিচ্ছে।
অন্যদিকে, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা ধরে রাখা। কোচ লিওনেল স্কালোনির দলও শক্তিশালী স্পেনের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।
এখন পুরো ফুটবল বিশ্বের চোখ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। শেষ পর্যন্ত শিরোপা কার হাতে উঠবে—মেসির আর্জেন্টিনা, নাকি ইয়ামালের স্পেন—সেই উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশির সঙ্গে।
Leave a Reply