২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেন মুখোমুখি হচ্ছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলট শিরোপার দৌড়ে স্পেনকেই এগিয়ে রেখেছে।
ফাইনালের আগে দুই দলই রয়েছে দুর্দান্ত ছন্দে। স্পেন পুরো টুর্নামেন্টে দারুণ রক্ষণভাগ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে ফাইনালে উঠেছে। সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা। সেমিফাইনালে ২-০ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।
অন্যদিকে আর্জেন্টিনা নকআউট পর্বে একাধিক কঠিন ম্যাচ পেরিয়ে ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুই গোলে নাটকীয় জয় তুলে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।
মাইক্রোসফট কপিলটের বিশ্লেষণ অনুযায়ী, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে। এআইয়ের মতে, স্পেনের শক্তিশালী রক্ষণভাগ, মাঝমাঠের আধিপত্য এবং কম গোল হজম করার সক্ষমতাই তাদের সবচেয়ে বড় শক্তি।
তবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকেও ম্যাচের অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছে কপিলট। তাদের মতে, মেসি একাই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এমনকি ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও রয়েছে।
কপিলটের সম্ভাব্য স্কোরলাইন অনুযায়ী, স্পেনের হয়ে লামিন ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে মেসির পেনাল্টি থেকে।
এছাড়া সম্ভাব্য ম্যাচসেরা হিসেবে গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডার রদ্রিকে বেছে নিয়েছে কপিলট। তাদের ধারণা, মাঝমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তারকা।
Leave a Reply