1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

রাজধানীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি ঘোষণা করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের সংসদ ভবনের সামনের এলাকা থেকে সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। সেখানে কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে পুলিশ আবারও অভিযান চালিয়ে এলাকা খালি করে দেয়। তবে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে। তিনি বলেন, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের বিকল্প প্রশ্নপত্রের পরীক্ষার দিনই স্থগিত হওয়া পরীক্ষাগুলোও অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এটি ছিল তার ব্যক্তিগত মন্তব্য। যদি ওই বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন, তাহলে তিনি দুঃখ প্রকাশ করছেন।

তবে শিক্ষামন্ত্রীর এই দুঃখ প্রকাশেও আন্দোলন থামেনি। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost