তাদের অভিযোগ, পূর্ব মন্ডলপাড়া গ্রামের ভোটকেন্দ্রটি ফকিরপাড়া এলাকায় স্থানান্তর করা হলে কয়েকশ’ ভোটারকে পড়তে হবে চরম ভোগান্তিতে। নদী পারাপারসহ তিন থেকে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে বলে দাবি তাদের।
ভোটকেন্দ্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন। উপজেলার সাপধরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, পূর্ব মন্ডলপাড়া গ্রামের ভোটকেন্দ্রটি ফকিরপাড়া এলাকায় স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। এতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদনও করেছেন তারা।
আবেদনে বলা হয়, প্রস্তাবিত ফকিরপাড়া এলাকায় যেতে ভোটারদের প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। পথে রয়েছে নদী পারাপারের ঝুঁকি। পাশাপাশি অনেক এলাকায় পর্যাপ্ত সড়ক যোগাযোগও নেই।
ফলে বয়স্ক, নারী, প্রতিবন্ধী ও অসুস্থ ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়তে হবে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে স্থানীয়রা মুক্তির বাজার আইডিয়াল স্কুল অথবা কোদালধুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহাল রাখার দাবি জানান।
এসময় কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে ভোটকেন্দ্র স্থানান্তরের চেষ্টা করছেন। এতে সুষ্ঠু ভোটগ্রহণ ও ভোটারদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি তাদের।
স্থানীয় ভোটারদের দাবি, ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে যাতায়াতের সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণের বিষয়গুলো বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক।
Leave a Reply