নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বগুড়া জেলা শাখার উদ্যোগে শুক্রবার ( ৪ আগষ্ট) সকালে শহীদ খোকন পার্ক থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি খোকন পার্কে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বগুড়া জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান (রুবেল), বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশীদ সুজন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া সদর উপজেলা শাখার আহবায়ক ও নুনগোলা ইউনিয়ন যুবদলের আহবায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শ্রী অনিক কুমার দাসসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বগুড়া জেলা শাখার সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার চন্দন।
প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ সবার। এই বাংলাদেশ হবে মানবিকতা, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়।”
তিনি আরও বলেন, “নতুন করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলে নতুন প্রজন্মের হাতে তা তুলে দিতে চাই।”
Leave a Reply