রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—রাকসুর তহবিল থেকে সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের নামে মোট ১৩ লাখ ৪০ হাজার ৩২৪ টাকা উত্তোলন করা হয়েছে। তবে এর মধ্যে ৯৯ হাজার ৯২৪ টাকার বিল-ভাউচার জমা পড়লেও বাকি ১২ লাখ ৪০ হাজার ৪০০ টাকার কোনো বিল-ভাউচার এখনো জমা হয়নি।
রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের ব্যয়ের বিবরণীসংক্রান্ত নথি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। নথি অনুযায়ী, ছয় ধাপে ভিপি জাহিদের নামে এই অর্থ উত্তোলন করা হয়।
এর মধ্যে গত ১৩ এপ্রিল দাপ্তরিক খরচের জন্য দেড় লাখ টাকা এবং ১৯ জুলাই একই খাতে আরও দুই লাখ টাকা উত্তোলন করা হয়। এছাড়া ৩ আগস্ট ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর জন্য ৩ লাখ ৮২ হাজার ৪০০ টাকা এবং ‘ভিক্টরি রান উইথ রাকসু’ কর্মসূচির জন্য ৩ লাখ টাকা নেওয়া হয়।
পরদিন ৬ আগস্ট জুলাই জাদুঘর স্থাপনের জন্য আরও ২ লাখ ৮ হাজার টাকা উত্তোলন করা হয়। এসব অর্থের বিল-ভাউচার এখনো জমা হয়নি বলে নথিতে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সব বিল জমা হয়নি—বিষয়টি এমন নয়। তার মেয়াদ শেষ হওয়ার আগে বিল-ভাউচার জমা দেওয়া হবে এবং অডিটের আগেই হিসাব সম্পন্ন করার কথা জানান তিনি।
রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, কর্মসূচি শেষ হওয়ার পরপরই বিল-ভাউচার জমা দেওয়া উচিত। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ম মেনে হিসাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যয়ের ক্ষেত্রে বিল-ভাউচার জমা দেওয়া বাধ্যতামূলক। রাকসুকেও এই নিয়ম অনুসরণ করতে হবে। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।
Leave a Reply