দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।
তবে অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস।
ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। এর মধ্যে মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় তিনি ভোট দিতে পারছেন না।
প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এরপর ভোট গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
Leave a Reply