জামায়াতের সঙ্গে আলোচনা করেই হয়তো রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করেই আওয়ামী লীগ মিছিল করার সাহস দেখিয়েছে বলে তিনি মনে করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল—উল্লেখ করে তিনি বলেন, এবারও একই ধরনের সমীকরণ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত নেতারা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে আপত্তি নেই বলে বক্তব্য দিচ্ছেন। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন রাশেদ খান।
বিএনপির এই নেতা বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply