মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হলে ইসরায়েল একপর্যায়ে রাষ্ট্র হিসেবে টিকে থাকার সক্ষমতা হারাতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ।
বুধবার ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলাউদিনভ দাবি করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত করে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সংঘাতে জড়ানোই ইসরায়েলের লক্ষ্য।
রুশ সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান ও আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। তাঁর মতে, সংঘাত যতটা সম্ভব বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইসরায়েল শেষ পর্যন্ত নিজেদের সামরিক শক্তিকে অতিরিক্ত বড় করে দেখার ঝুঁকিতে রয়েছে। এর পরিণতিতে দেশটির রাষ্ট্র হিসেবে অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে গোয়েন্দা নথি ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রী নিয়ে দুই ডজনের বেশি রুশ জাহাজ ইরানের আমিরাবাদ বন্দরে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরান ২০ বছর মেয়াদি একটি ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি স্বাক্ষর করে। এতে প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা রয়েছে।
তবে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার আশঙ্কা নিয়ে আলাউদিনভের বক্তব্যটি তাঁর নিজস্ব মন্তব্য ও পূর্বাভাস; এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎ পরিস্থিতির ঘোষণা নয়।
Leave a Reply