শরীয়তপুরের ডামুড্যায় বিবিধ মোকদ্দমার (মিসকেস) শুনানির সময় টেম্পারিংকৃত দলিল উপস্থাপনের অভিযোগে মো. জুলহাস উদ্দিন গাছা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ডামুড্যা উপজেলা ভূমি অফিসে মিসকেসের শুনানি চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডামুড্যা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, জুলহাস উদ্দিন গাছা ডামুড্যার সম্ভুকাটি গ্রামের বাসিন্দা। তিনি ৭০৮/২০০৯ নম্বর একটি দলিল উপস্থাপন করেন। ওই দলিলে হস্তান্তরিত জমির পরিমাণ ২০ শতক উল্লেখ থাকলেও দলিলের বিভিন্ন পাতায় জমির পরিমাণের স্থানে ঘষামাজা ও পরিবর্তনের চিহ্ন দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরবর্তীতে শরীয়তপুর সদর মহাফেজখানায় সংরক্ষিত বালাম বহি যাচাই করে দেখা যায়, ওই দলিলের মাধ্যমে প্রকৃতপক্ষে ১০ শতক জমি হস্তান্তর করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, টেম্পারিংকৃত দলিলের ভিত্তিতে জুলহাস উদ্দিন ইতোপূর্বে ১২ শতক জমির নামজারি করিয়েছেন। পরবর্তীতে আরও ৮ শতক জমি নিজের নামে নামজারি করার উদ্দেশ্যে তার ভাই হারুন গাছার নামে সৃজিত ২৫-১৩২ খতিয়ান বাতিলের আবেদন করেন।
ওই আবেদনে জুলহাস উদ্দিন দাবি করেন, তার ভাই অফিসকে ভুল বুঝিয়ে বেশি জমি নামজারি করেছেন। তার দলিল আগের এবং ভাইয়ের দলিল পরের উল্লেখ করে ভাইয়ের নামজারি বাতিল করে তার অনুকূলে ২০ শতক জমি নামজারি করার আবেদন জানান।
তবে তদন্ত ও দলিল যাচাইয়ে টেম্পারিংয়ের বিষয়টি ধরা পড়লে ভূমি অফিসের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, টেম্পারিংকৃত দলিল উপস্থাপনের মাধ্যমে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে প্রাপ্যতার চেয়ে বেশি জমি নিজের নামে নামজারির চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পূর্ব ডামুড্যা বাদী হয়ে ডামুড্যা থানায় এজাহার দায়ের করেছেন। টেম্পারিংকৃত দলিলটি মামলার আলামত হিসেবে জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভূমি অফিস সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ধারা ৪(১)(ক), ৪(১)(চ) ও ৫(১)(গ) অনুযায়ী ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট আইনে এসব অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংবাদকর্মীদের বলেন, ভূমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার অপরাধ প্রতিরোধে উপজেলা ভূমি অফিস, ডামুড্যা, শরীয়তপুরের আইনানুগ কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply