ইরানের সঙ্গে যুদ্ধ ঘিরে যখন অচলাবস্থা চলছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। তবে এই সেনা মোতায়েনের উদ্দেশ্য কী—তা এখনো স্পষ্ট নয়।
বৃহস্পতিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহযোগী ফেলো মাইকেল স্টেফেনস।
তিনি জানান, মার্কিন বিমানবাহিনীতে কর্মরত কয়েকজনের স্বজনের সঙ্গে তার কথা হয়েছে। তাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মাইকেল স্টেফেনসের মতে, যুক্তরাষ্ট্র এখনো মধ্যপ্রাচ্যে সেনা সংখ্যা বাড়াচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ওয়াশিংটন শিগগিরই ইরানে স্থল হামলা চালাতে যাচ্ছে।
তার মূল্যায়ন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষে স্থল অভিযান চালানো কিংবা দ্রুত কোনো সামরিক জয় অর্জন করা কঠিন। বরং দুই দেশই এখন একটি কঠিন অচলাবস্থার মধ্যে রয়েছে।
তিনি বলেন, এই মুহূর্তে কেউই প্রকৃত অর্থে জয় পাচ্ছে না। ফলে যুক্তরাষ্ট্র কেন নতুন করে সেনা জড়ো করছে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর টানা ৪০ দিন যুদ্ধ চলে। পরে ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও এর মধ্যেই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
বর্তমানে সরাসরি হামলা বন্ধ থাকলেও মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েন পরিস্থিতিকে আবারও অনিশ্চিত করে তুলছে। ফলে সামনে সংঘাতের নতুন কোনো মোড় আসে কি না, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
Leave a Reply