সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আদালতের মাধ্যমে বেনজীরের জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে। তিনি জানান, ইউএইর আদালত বেনজীরকে দেশত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জামিনের বিষয়টি সরকার গতকাল বিকেলে জানতে পারে। এরপরই সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম)কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সচিব ইউএইতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন।
তিনি আরও জানান, কোন কোন শর্তে বেনজীর আহমেদকে জামিন দেওয়া হয়েছে, তার প্রত্যয়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের প্রত্যাবর্তন (রিপ্যাট্রিয়েশন) সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থাপনের জন্য ল ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত আদালতের মাধ্যমে তার জামিন বাতিলের আবেদন করা যায়।
সরকার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কেন তিনি জামিন পেলেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালতের পূর্ণাঙ্গ আদেশ না দেখে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে আদেশের প্রত্যয়িত কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply