কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে থেকে মাঝেমধ্যে ‘উঁকিঝুঁকি’ দিচ্ছে, তবে আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের তৎপরতা চালানোর সক্ষমতা দলটির নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা তৎপরতার আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ নেই। তবে দলটির নেতাকর্মীরা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছেন।
এদিকে, ৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে অতিরিক্ত কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ তাদের নিয়মিত কার্যক্রমই পরিচালনা করবে। এ বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তাকে দুবাই ত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন আমিরাতের আদালত। তার জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকার আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের বিষয়েও কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। ৫ আগস্টকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে নানা আলোচনা থাকলেও পুলিশ নিয়মিত কার্যক্রমের মধ্য দিয়েই পরিস্থিতি মোকাবিলা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Leave a Reply